রাজধানীতে প্রতিপক্ষের হামলায় যুবক খুন
রাজধানীর মুগদা থানা এলাকায় আজ শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় মো. সুজন (২২) নামের এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন নবী নামের আরেক যুবক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে সুজন ও নবীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় কয়েকজন। তখন কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা রানা নামের একজন নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, সুজন মুগদার মানিকনগর এলাকার বাসিন্দা। আগে একটি বিপণিবিতানে মার্কেটে প্যান্ট বিক্রি করতেন তিনি। এখন কিছুই করেন না। তিনি যুবদল কর্মী ছিলেন।
রানা বলেন, মানিকনগর খালপাড় রোডে সুজনসহ চার পাঁচজন মিলে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ কর্মী তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করে। রাজনৈতিক প্রতিহিংসাবশত এ হামলা বলে রানা দাবি করেন।
যোগাযোগ করা হলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ এখনও জানতে পারিনি। তদন্ত চলছে।