বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাবাগানে তেঁতুল তলার মাঠ সংলগ্ন আছিয়া ভবন নামের এই বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাসার সামনে উৎসুক জনতার ভিড়। ছবি: সাজিদ হোসেন
কলাবাগানে তেঁতুল তলার মাঠ সংলগ্ন আছিয়া ভবন নামের এই বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাসার সামনে উৎসুক জনতার ভিড়। ছবি: সাজিদ হোসেন

রাজধানীতে বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে উত্তর ধানমন্ডির কলাবাগানে তেঁতুল তলার মাঠসংলগ্ন এলাকায় আছিয়া ভবন নামের একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

আছিয়া ভবনের নিচতলায় কথা বলছেন দুর্বৃত্তদের হামলায় নিহতদের স্বজনেরা। ছবি: সাজিদ হোসেন
আছিয়া ভবনের নিচতলায় কথা বলছেন দুর্বৃত্তদের হামলায় নিহতদের স্বজনেরা। ছবি: সাজিদ হোসেন

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ওই বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করে। তখন দুর্বৃত্তরা পুলিশের ওপরও হামলা চালায়। দুর্বৃত্তদের চাপাতির আঘাতে আহত হন কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হত্যাকাণ্ডের পর আছিয়া ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: সাজিদ হোসেন
হত্যাকাণ্ডের পর আছিয়া ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: সাজিদ হোসেন

নিহত দুজনের নাম জুলহাজ মান্নান ও মাহবুব তনয়। জুলহাজ মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডিতে কর্মরত। এর আগে তিনি দীর্ঘদিন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের সমকামীদের প্রথম পত্রিকা রূপবানের একজন সম্পাদক ছিলেন জুলহাজ। জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আত্মীয়। 
আর নিহত মাহবুব তনয় ছিলেন জুলহাজের বন্ধু। তনয়ের ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

কলাবাগানে হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তদের হামলায় আহত কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক মমতাজকে রাজধানীর একটি বেসরকারি হাসাতালে ভর্তি করা হয়েছে।
কলাবাগানে হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তদের হামলায় আহত কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক মমতাজকে রাজধানীর একটি বেসরকারি হাসাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কলাবাগান থানার এএসআই হাবিবুর রহমান জানান, নিহত দুজনের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন যুবক পার্সেল দেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢোকেন। কিছু বুঝে উঠার আগেই যুবকেরা জুলহাজ ও মাহবুব তন্ময়কে চাপাতি দিয়ে মাথাসহ সারা শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ওই সময় বাসায় ছিলেন জুলহাজের বৃদ্ধ মা ও গৃহকর্মী। ঘটনার আকস্মিকতায় তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ওই যুবকেরা দুজনকে কুপিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যান। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ওই বাড়ির দিকে ছুটে যান। তার আগেই যুবকেরা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন তাদের ‘ছিনতাইকারী’ ‘ধর, ধর’ বলে চিৎকার করে ধাওয়া করেন। তখন ওই যুবকেরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লোকজনদের হুমকি দিতে দিতে পালাতে থাকেন। একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় তাঁদের সামনে পড়ে পুলিশের একটি টহল দল। পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে একজন চাপাতি দিয়ে এএসআই মমতাজের হাতে আঘাত করেন। এরপর তাঁরা পালিয়ে যান।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নিরাপত্তাকর্মী পারভেজ সাংবাদিকদের বলেন, ‘বিকেলে তিন যুবক পার্সেল দেওয়ার কথা বলে জুলহাজ মান্নানের বাসায় যেতে চায়। আমি তখন তাদের বলি আপনারা নিচে থাকেন। কিন্তু তারা বলে চলেন একসঙ্গে ঢুকি। এরপর ওই তিনজন আমার পেছনে পেছনে দোতলায় যায়। দরজা নক করলে জুলহাজ স্যার দরজা খোলেন। তখন এই যুবকেরা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে জুলহাজ স্যার দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন।’ 
পারভেজ বলেন, ‘আমি তখন তাদের বলি, স্যার যেহেতু ঢুকতে দিতে চান না, আপনারা চলে যান। এ কথা বলার পরই আমাকে আঘাত করে। আমি লুটিয়ে পড়লে ওই যুবকেরা জোর করে ঘরে ঢুকে জুলহাজ ও তাঁর সঙ্গে থাকা অন্যজনকে (তনয়) কোপাতে থাকে। আমি তখন চিৎকার করি, স্যারও চিৎকার করতে থাকেন। ওই সময় বাসার নিচে কয়েকটি গুলির শব্দ পাই। এই তিনজন দ্রুত তখন বাসা থেকে বেরিয়ে যায়।’ 
বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তা মমতাজ প্রথম আলোকে বলেন, ‘আমরা কলাবাগান এলাকায় টহলে ছিলাম। হঠাৎ দেখি গেঞ্জি পরা ও কাঁধে ব্যাগ থাকা কয়েকজন যুবক গুলি ছুড়তে ছুড়তে দৌড়াচ্ছে। আর দুজন বোমা ছুড়ছিল। আমি শটগান দিয়ে তাদের দিকে গুলি করি। এ সময় একজন এসে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। আমার হাতে কোপ লাগে। আমার শার্ট ছিঁড়ে যায়। আমি তাদের একজনের একটি ব্যাগ আট​কাতে পেরেছি। তাতেও বিস্ফোরক ছিল।’
আজ সন্ধ্যা সাতটার দিকে ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায়, র‍্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। বাড়ির সামনে গণমাধ্যম কর্মী ছাড়াও উৎসুক জনতার ভিড় ছিল। বাড়ির প্রধান ফটক ভেতর থেকে ছিল আটকানো। ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। 
ওই বাসায় প্রাথমিক তদন্ত শেষে বের হওয়ার পর কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত জুলহাজ ও মাহবুব তনয় পরস্পর বন্ধু বলে জানা গেছে। জুলহাজ একটি দূতাবাসে চাকরি করতেন। এএসআই বলেন, বাসায় স্কচটেপ প্যাঁচানো বড় আকৃতির দুটি জিনিস দেখেছি। ধারণা করছি, ওইগুলোকে পার্সেল বানিয়ে বাসায় ঢুকেছিলেন দুর্বৃত্তরা। তবে তার ভেতরে কী তা এখনো দেখা হয়নি। 
ওই যুবকদের ধাওয়া করা স্থানীয় ব্যক্তিদের মধ্যে মো. আশরাফ নামের এক দোকানদার প্রথম আলোকে বলেন, ‘আমি ওই বাড়ির কিছুটা দূরে ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে তাকিয়ে দেখি, চার-পাঁচজন যুবক অস্ত্র হাতে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। পরে আমিসহ কয়েকজন তাদের ধাওয়া দিই। পরে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দেয়। গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যায়।’
ওই যুবকদের পালিয়ে যেতে দেখেছেন এমন একজন নারী সাংবাদিকদের বলেন, যুবকদের প্রত্যেকের কাঁধে ব্যাগ ছিল। পরনে ছিল গেঞ্জি। তারা অস্ত্র উঁচিয়ে হুমকি দিতে দিতে তেঁতুল তলার মাঠের পাশ দিয়ে চলে যান। পরে তিনি কয়েকটি গুলির শব্দ শুনতে পান। 
ঘটনার পর দ্রুত ওই বাসায় যাওয়া শাহীন আক্তার নামের এক তরুণী প্রথম আলোকে বলেন, ‘ওই বাসার সবাইকে আগে থেকেই চিনতাম। তাই ঘটনার পর বাসায় গিয়ে দেখি, খালাম্মা (জুলহাসের মা) আহাজারি করছেন।’ 
রাতে ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়িতে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও। 
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত সাড়ে নয়টার দিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘এটি পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। কিছু গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। আলামতের মধ্যে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইল ও ব্যাগ পাওয়া গেছে। পার্সেলের বক্সও আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’