রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সামনে রেখে গতকাল বুধবার রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাত সোয়া আটটার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রলপাম্পের সামনে অনাবিল পরিবহনের একটি সড়কে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রী, চালকসহ সবাই বাস থেকে নেমে যায়। ফলে কেউ হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বেলা একটার দিকে রামপুরার পলাশবাগে একটি ও রাত পৌনে নয়টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পর পর দুটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা।
এ ছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজধানীর বাড্ডা, গুলশান, মুগদা ও মতিঝিল এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা।
এর মধ্যে বেলা তিনটার দিকে উত্তর বাড্ডার জেনারেল হাসপাতালের সামনের সড়কে ছাত্রশিবির ব্যানার নিয়ে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।