বাসে ছিনতাইকারী দলে ছিল চালকও, আহত ২
রাজধানীর টিকাটুলিতে আজ শুক্রবার ভোরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই মাছ ব্যবসায়ী। তাঁরা ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আর এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বাসের চালক, তাঁর সহকারী ও যাত্রীবেশে থাকা কয়েকজন।
আহত মাছ ব্যবসায়ীরা হলেন আলম মিয়া (৪৮) ও শফিকুল ইসলাম (৩২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, তাঁদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বাসের চালক ও যাত্রীবেশে থাকা তাঁর সহযোগীরা এই ছিনতাই করেন।
ছিনতাইয়ের শিকার আলম ও শফিকুলের ভাষ্য, আজ ভোরে তাঁরা রাজধানীর কাপ্তান বাজার থেকে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে তাঁদের মাছের চালান আনার কথা ছিল। ভোর পৌনে ছয়টার দিকে তাঁরা তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসের চালক, তাঁর সহকারী ও চার-পাঁচজন আরোহী ছিলেন। টিকাটুলি আসার পর বাসটি থেমে যায়। চালক, তাঁর সহকারী ও যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে দুজনকে ঘিরে ধরেন এবং তাঁদের ওপর হামলা চালান। এতে দুজন আহত হন।
হাসপাতাল সূত্র জানায়, আলমের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শফিকুলের বাম হাতের কবজি ও ডান আঙুল কেটে গেছে।
আহত দুই মাছ ব্যবসায়ী বলেন, তাঁদের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর বাসটি সায়েদাবাদ এলাকার সড়ক ও জনপথ মোড়ে ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আহত শফিকুল তাঁর এক আত্মীয়কে ফোন করেন। সেখান থেকে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শফিকুল বলেন, ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর তিনি তাঁর এক স্বজনকে ফোন করেন। ওই স্বজন এসে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বাসচালক, তাঁর সহকারী ও আরও কয়েকজন এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁদের শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।