রাজধানীতে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ১৬ জন আহত দুটি বাসে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কয়েকটি স্থানে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর গুলিস্তান ও নর্দ্দায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লাগাতার অবরোধের সপ্তম দিনে এ ঘটনা ঘটল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলিস্তানে গাজীপুর পরিবহনের একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নর্দ্দায় বসুন্ধরা আবাসিক এলাকার ফটকে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। তুরাগ পরিবহনের ওই বাসটি মেরামতের জন্য সেখানে রাখা ছিল।
ককটেল বিস্ফোরণে আহত ১৬: গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে যাওয়া নেতা-কর্মীদের বহন করা একটি ট্রাক লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নেতা-কর্মীরা ট্রাকে করে দোহারের নবাবগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিলেন। আহত ব্যক্তিরা হলেন মো. হাসান, মিলন, জাভেদ, আসলাম ও আবদুল লতিফ।
ট্রাকে থাকা নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ জানান, নবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের কর্মীরা একটি ট্রাকে করে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে ট্রাকটি কেন্দ্রীয় শহীদ মিনার পার হওয়ার সময় ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা’ ট্রাকটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয়টি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেলগুলো ট্রাকের গায়ে লেগে নিচে পড়ে গেলেও বিস্ফোরণে ওই পাঁচজন আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ককটেল বিস্ফোরণে আহত হয়ে চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। রাত পৌনে আটটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এঁদের মধ্যে একজন পান-সিগারেটবিক্রেতা, একজন ছাত্র ও দুজন রিকশাচালক।
এ ছাড়া কোতোয়ালি, বংশাল ও আজিমপুর এলাকা থেকে এক নারীসহ সাতজন ককটেল বিস্ফোরণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এর আগে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকনের পুরান ঢাকার নাজিরা বাজারের বাসার সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।