রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাজধানীতে পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফুল ইসলাম (২২) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।
শরীফুলের বাবার নাম আবুল কালাম। লক্ষ্মীপুর জেলায় তাঁর গ্রামের বাড়ি। যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় একটি বাসায় শরীফুল ভাড়া থাকতেন।
শরীফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আবুল কালাম নামের এক ব্যক্তি।
নিজেকে শরীফুলের পরিচিত দাবি করে আবুল কালাম বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিজয় দিবস উপলক্ষে ভবনের ছাদে পতাকা ওড়াতে যান শরীফুল। ওই ভবন ঘেঁষে ছিল বিদ্যুতের লাইন। অসাবধানতাবশত শরীফুলের হাত বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। শরীফুলকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, শরীফুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।