রাজধানীতে বিপুল পলিথিন ও কাঁচামাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজারের তিনটি কারখানা থেকে আজ বৃহস্পতিবার প্রায় ১৫ মেট্রিক টন পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানা তিনটি সিলগালা করা হয়। আটক করা হয় দুজনকে।

আজ দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর। অভিযান চলাকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী মো. আলমগীর সাংবাদিকদের বলেন, তিনটি কারখানা থেকে ১৫ মেট্রিক টন মালামাল জব্দ করা হয়েছে। দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কারখানার মালিকেরা পলাতক রয়েছেন। তিনি বলেন, ‘গোয়েন্দাদের তথ্য অনুযায়ী লালবাগ ও চকবাজার এলাকায় পলিথিনের কারখানা বেশি থাকায় আমরা এখানে অভিযানে এসেছি।’

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকার পরিবেশবান্ধব। সরকার পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর আগেও চকবাজার এলাকায় দুবার অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযান চালানোর সময় স্থানীয়দের হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ কারণে এবার পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।’