রাজধানীতে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে খোরশেদ আলম (৭১) নামের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শাহজাহানপুর থেকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, খোরশেদ আলম একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

খোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা রাহাত নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রাস্তায় খোরশেদ কাতরাচ্ছিলেন। এ সময় তিনি খোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বৃদ্ধের গায়ে থাকা হাফ সোয়েটারে পিতল ও প্লাস্টিকের নেমপ্লেটে নাম খোরশেদ আলম ও মুক্তিযোদ্ধা লেখা আছে। তাঁর সঙ্গে থাকা ব্যাগে চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়া গেছে। ওই কাগজে তাঁর বাড়ি পঞ্চগড় ও মোবাইল নম্বর ছিল।

এসআই বাচ্চু মিয়া আরও বলেন, কাগজে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করে খোরশেদের পরিবারের কাছ থেকে তাঁর পরিচয় জানা গেছে। তাঁর পরিবার জানিয়েছে, খোরশেদ হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন।