রাজধানীতে বোমার কারিগর ১৭০, ধরা পড়ছে না কেউ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধে রাজধানীতে যেসব ককটেল ও পেট্রলবোমা ছোড়া হচ্ছে, এগুলো তৈরির সঙ্গে ১৭০ জন ‘সন্ত্রাসী’ জড়িত বলে তথ্য পেয়েছে ডিবি পুলিশ। পুলিশ বলছে, এরা ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদলের ও তাদের ভাড়া করা পেশাদার সন্ত্রাসী।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, এই ১৭০ জনের মধ্যে ছাত্রশিবিরের ৭০ জন। বাকি ১০০ জন ছাত্রদলের ও তাদের ভাড়া করা পেশাদার সন্ত্রাসী। এরা ককটেল ও পেট্রলবোমা বানায়। ককটেল নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে এসব তথ্য পাওয়া গেছে। তবে ককটেল ও পেট্রলবোমা তৈরির কারিগরেরা ধরা পড়ছে না।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ দিনে রাজধানীতে পাঁচ শতাধিক ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ঢাকায় দুজন নিহত ও অন্তত ১০০ জন আহত বা দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ-ভাঙচুর, পুলিশ ও আনসারের ওপর হামলার ঘটনায় ৫৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি-ছাত্রদল, শিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য রয়েছে। ভ্রাম্যমাণ আদালত ২৩ জনকে কারাদণ্ড দিয়েছেন।
ডিবির বোমা নিষ্ক্রিয়করণ ও উদ্ধার দলের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় লোকজন গ্রেপ্তার হলেও বোমা তৈরির কারিগরদের গ্রেপ্তার করা যাচ্ছে না। কারিগরেরা শনাক্ত হলেও তারা ঘন ঘন স্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করা যাচ্ছে না।
ডিবির সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তদন্ত ও তথ্যদাতার (সোর্স) মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে, অবরোধ-হরতাল কর্মসূচির কারণে ককটেল ও পেট্রলবোমা তৈরি বেড়ে গেছে। যাত্রাবাড়ী, কাঁঠালবাগান, বনশ্রী, আরামবাগ, পরীবাগ, ফকিরাপুলের অলিগলি, পল্টনসহ বিভিন্ন এলাকায় মেস ভাড়া নিয়ে শিবিরের কারিগরেরা ককটেল ও পেট্রলবোমা তৈরি করছে।
সূত্র জানায়, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, টঙ্গী, আমিনবাজার ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাকে নিরাপদ মনে করে সেখানে পুরোনো ঘর ভাড়া করে বা পরিত্যক্ত ঘরে ছাত্রদল ও তাদের ভাড়া করা পেশাদার কারিগরেরা ককটেল ও পেট্রলবোমা বানাচ্ছে। ২১ জানুয়ারি লালবাগে ভাড়া বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ছাত্রদলের নিউমার্কেট থানা শাখার বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে বাপ্পী নিহত হন। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, নিহত বাপ্পী বোমা তৈরির কারিগর ছিলেন।
ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, পুরান ঢাকায় ককটেল-বোমা তৈরির পেশাদার একজন নারী কারিগর ডলি। দুই বছর আগে তিনি গ্রেপ্তার হলেও কিছুদিন পর জামিনে বের হন। এখন ধরাছোঁয়ার বাইরে। চকবাজারে বোমা তৈরির কারিগর কামাল। তার নেতৃত্বে রয়েছে জুবায়ের, ফয়সাল ও জিতু। বাড্ডায় বিপু, আক্তার, মামুন ও বাবু। ওয়ারীতে মুকুট, ওয়াসকুরুনি, শিমুল, শরিফ, চঞ্চল, রিপন, ইব্রাহিম ও শাহ আলম; নারিন্দায় শাকিল, ফারুক, ফিরোজ, রনি; গেন্ডারিয়ায় লরেন্স, সবুজ, শিমুল ও টাইগার; যাত্রাবাড়ীতে ভাণ্ডারি মিজান ও মাসুম; শ্যামপুরে ওয়াসেক বিল্লাহ ও রানা বোমার কারিগর।
সূত্রাপুর ও কোতোয়ালিতে লম্বা তাইজু, গোল তাইজু, রাজীব, বাবু, রবিন, অপু, সোহেল ও রাসেল; হাজারীবাগ ও লালবাগে নিজাম, বাবু, রাসেল ও শাহজাহান; খিলগাঁও ও শাহজাহানপুরে জিয়া, বাবু ও শুভ; কদমতলীতে কাইল্যা মামুন, ফারুক, শামীম, নাসির, আলম ও শওকত; সায়েদাবাদে শম্ভু, উত্তম, রবিন ও সজলের নাম কারিগরের তালিকায় রয়েছে।
২১ জানুয়ারি পুলিশ বনানী থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১৩০টি ককটেল এবং ককটেল ও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
ডিবির কর্মকর্তারা জানান, দেশলাই ও ডায়িং কারখানাসহ শিল্পে ব্যবহৃত আমদানি করা বিস্ফোরক, কেমিক্যাল ও উপাদান এসব ককটেল ও পেট্রলবোমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ক্ষুদ্র ব্যবসায়ী এসব কেমিক্যাল ও উপাদান অধিক মুনাফায় বোমার কারিগরদের কাছে বিক্রি করছেন। এসব অসাধু ব্যবসায়ীর তালিকা তৈরির কাজ চলছে।
ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, খুচরা পেট্রল ও বিস্ফোরক বিক্রি না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা বৈধ ক্রেতাদের কাছে বিক্রি করছেন কি না, তা-ও তদারকি করা হচ্ছে।
পুলিশ জানায়, ২০১৩ সালে বিরোধী দলের কর্মসূচি চলাকালে কয়েকজন কারিগর ও নিক্ষেপকারী গ্রেপ্তার হলেও তারা জামিনে বেরিয়ে পুরোনো পেশায় যুক্ত হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ককটেল-পেট্রলবোমা নিক্ষেপকারীরা গ্রেপ্তার হচ্ছে। ককটেল ও পেট্রলবোমা তৈরির কারিগরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।