রাজধানীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর মিরপুরে গতকাল রোববার রাতে গিয়াসউদ্দিন মাতবর (৩৬) নামের তৈরি পোশাক-সংশ্লিষ্ট পণ্যের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত গিয়াসের বড় ভাই মাসুদুর রহমানের ভাষ্য, তিনি মিরপুর ১০ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১১ নম্বর বাসার পাঁচতলায় থাকেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে গিয়াসউদ্দিন ওই তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে থাকেন। বাসার নিচেই তাঁর তৈরি পোশাক-সংশ্লিষ্ট পণ্যের দোকান। গতকাল রাত ১০টার দিকে দোকান থেকে নিজের ফ্ল্যাটে যান গিয়াসউদ্দিন।
মাসুদুর রহমানের দাবি, প্রায় ঘণ্টা খানেক পর তাঁর মেয়ে মালিহা ফোন করে জানায়, চাচা (গিয়াসউদ্দিন) মারা গেছেন। তিনি তাৎক্ষণিকভাবে বাসায় গিয়ে দেখেন, তাঁর ভাইকে ড্রয়িংরুমে শুইয়ে রাখা হয়েছে। তাঁর মাথা দিয়ে রক্ত পড়ছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ওই সময় বাসায় তাঁর দুই ছেলেমেয়ে এবং স্ত্রী লাভলী ইয়াসমিন ছিলেন। এরপর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্ত্রীর পরকীয়ার জেরে গিয়াসউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মিসারুল আরিফ জানান, ময়নাতদন্তের জন্য গিয়াসউদ্দিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। কনুইতে একটি কামড়ের দাগ রয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য স্ত্রী লাভলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।