রাজধানীতে ব্যবসায়ী ও এক শিশু অপহৃত
রাজধানীর বিজয়নগরের নিজ প্রতিষ্ঠান থেকে ডিবি পুলিশ পরিচয়ে গতকাল বুধবার দুপুরে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনকে অপহরণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণখান থেকে শিশু সাদিয়া আক্তার অপহৃত হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে সাত-আট ব্যক্তি নিজেদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিজয়নগরের ১৮৩ নম্বর ভবনের পঞ্চম তলায় সিলভার স্কাই হলিডেজ এয়ারওয়েজ নামের ট্রাভেল এজেন্সি থেকে এর মালিক মামুনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মামুনের ভাই এমদাদুল হক বাদী হয়ে পল্টন থানায় অপহরণের মামলা করেছেন।
মামুন অপহরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, মামুনকে উদ্ধারে পল্টন থানার পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এদিকে গতকাল দক্ষিণখানে ফরিদ মার্কেটের কাছ থেকে শিশু সাদিয়া আক্তার অপহৃত হয়। শিশুটি একটি কিন্ডারগার্টেন স্কুলে কেজি ওয়ানে পড়ে। তার বাবার নাম শফিকুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হওয়ার পর সাদিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। দুপুরে অপহরণকারীরা যোগাযোগ করে সাদিয়ার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দক্ষিণখান থানার ওসি শামীমুর রশীদ তালুকদার বলেন, সাদিয়াকে তার মা স্কুল থেকে বাসায় নিয়ে যেতেন। গতকাল তাঁর যেতে কিছুটা দেরি হওয়ার সুযোগ বেছে নেয় অপহরণকারীরা। পরিচিতজেনরা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় সাদিয়ার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে। অপহৃত দুজনের কেউ রাত ১২টা পর্যন্ত উদ্ধার হননি বলে জানা গেছে।