রাজধানীতে মা-মেয়েকে বেঁধে বাসায় ডাকাতি
রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে আজ সোমবার সন্ধ্যায় এক বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাসায় ঢুকে মা ও মেয়েকে এক কক্ষে বেঁধে রেখে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয় লোকজন ডাকাত ধরার জন্য পুরো বাসাটি ঘিরে ফেলে। তবে ঘটনায় জড়িত কাউকে তাঁরা ধরতে পারেননি।
তেজগাঁও থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ের শাহীনবাগে পাঁচতলা ভবনের দোতলার বাসায় সাত-আটজন ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। তখন বাসায় ছিলেন মা ও মেয়ে। তারা অস্ত্রের মুখে মা ও মেয়ের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে। তবে এর আগে ডাকাত আছে ভেবে স্থানীয় লোকজন পুরো বাসাটি ঘিরে ফেলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে। ডাকাতেরা বাসা থেকে কী নিয়ে গেছে, তা ওই পরিবারের সঙ্গে কথা বলে জানা যাবে।