রাজধানীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে লেনদেন নিয়ে বিরোধের জেরে মারধরে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডার নতুনবাজার এলাকায় ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

কথিত মারধরে গুরুতর আহত ব্যবসায়ী মো. শামিম (৩৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শামিমের স্বজন বলে পরিচয় দেওয়া কাকলীর অভিযোগ, মিজান নামের এক ব্যবসায়ীর সঙ্গে শামিমের লেনদেন নিয়ে বিরোধ ছিল। গতকাল সন্ধ্যায় মিজানসহ কয়েকজন নতুনবাজার এলাকায় শামিমকে মারধর করেন। এতে গুরুতর আহত হন শামিম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত তথ্য জানা যায়নি।