রাজধানীতে মিছিলে পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুর ও বিজয় নগরে বিএনপির মিছিলে পুলিশ গুলি ছুড়েছে। এতে ১০-১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দুপুর দেড়টার দিকে শাহজাহানপুরে আল বারাকা হাসপাতালের কাছে মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ১০-১৫ জন আহত হন। এ ঘটনায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ চোখে আঘাত পান বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজয় নগরে দুপুর সাড়ে ১২টার দিকে হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে বিএনপি আরেকটি মিছিল বের করার চেষ্টা চালালে পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের হাসপাতালে এ ধরনের কেউ ভর্তি হননি। হাসপাতালেরই একজন প্রথম আলোকে জানান, গুলিবিদ্ধ সেই ব্যক্তির অস্ত্রোপচার হচ্ছে।
বিজয় নগরে কালভার্ট রোডে বেলা দুইটা ২০ মিনিটে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।