রাজধানীতে মুক্তিপণ নেওয়ার সময় তিন পুলিশ গ্রেপ্তার
শাজাহান শামসু নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে হাতেনাতে ধরেছে র্যাব। আটক হওয়া পুলিশ সদস্যরা হলেন রাজধানীর ভাটারা থানার এএসআই সিরাজুল ইসলাম, এএসআই কায়সার আহমেদ ও কনস্টেবল আবদুর রহমান।
গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কুড়িল উড়ালসেতুর নিচ থেকে এঁদের আটক করে র্যাব-১-এর একটি দল। এ সময় এক নারীকেও আটক করে র্যাব।
আটক তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান। তবে ওই তিন পুলিশ সদস্যকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
র্যাব সূত্রে জানা গেছে, শাজাহান শামসু ও এক নারীকে রাজধানীর ভাটারা থানার সাঈদনগরের একটি বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় আটক করে পুলিশের একটি দল। এরপর শাজাহানের কাছে প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সিরাজুল ও কায়সার। একপর্যায়ে অপহরণ করা হয়েছে বলে শাজাহানকে দিয়ে ফোনে তাঁর ভাগনে আবু জাফরের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শাজাহানকে অপহরণ করা হয়েছে মর্মে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন আবু জাফর। একই সঙ্গে রাত সাড়ে নয়টায় র্যা বের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে আবু জাফর ও তাঁর বন্ধু বিজয়কে সঙ্গে নিয়ে র্যাব-১-এর একটি দল শাজাহানের সন্ধানে বের হয়।
অন্যদিকে, মাইক্রোবাসে করে শাজাহান এবং ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে যান সিরাজুল ও কায়সার। মুক্তিপণ চেয়ে বারবার স্থান পরিবর্তন করেন তাঁরা। শেষ পর্যন্ত রাত দেড়টার দিকে কুড়িল উড়ালসেতুর নিচে আবু জাফরের কাছ থেকে টাকা নিতে একটি মাইক্রোবাস আসে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান নেয় র্যা ব। একপর্যায়ে মাইক্রোবাসে টাকা নেওয়ার সময় ছয়জনকে আটক করে র্যাব। তখন শাজাহান, ওই নারী, মাইক্রোবাসচালক ও তিন পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত করে র্যাব।
র্যাব সূত্র আরও জানায়, ওই নারীর সঙ্গে বিভিন্ন ব্যক্তির আপত্তিকর ছবি তুলে এর আগেও এএসআই সিরাজুল ও কায়সারের টাকা আদায়ের অভিযোগ আছে। একই উদ্দেশ্যে শাজাহানের সঙ্গেও ছবি তোলা হয় বলে র্যাব জেনেছে।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, পরিচয় নিশ্চিত হওয়ায় তিন পুলিশ সদস্যকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আবু জাফর চাঁদাবাজির মামলা করেছেন।