রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, ছাত্র দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নীলক্ষেত মোড়ে মিরপুর রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গতকাল আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায় l ছবি: প্রথম আলো
রাজধানীর নীলক্ষেত মোড়ে মিরপুর রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গতকাল আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায় l ছবি: প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও লাগাতার অবরোধের মধ্যে গতকাল বুধবার রাজধানীতে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছে এক শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহী আদালত চত্বরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল ছিল অবরোধের ৭২তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ কর্মসূচি। তবে এর দুদিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২৬টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬০টি।
এদিকে নাশকতায় জড়িত সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিনটি জেলা থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার বা আটক করা হয়েছে ৪৮ জনকে।
রাজধানীতে বাসে আগুন: বেলা তিনটার দিকে নীলক্ষেত মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় মেহেদী হাসান (১৬) নামের এক শিক্ষার্থী দগ্ধ হয়। তার দুই পা পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই অন্য যাত্রীরা নেমে পড়তে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
দগ্ধ মেহেদী হাসানকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নবম শ্রেণির ছাত্র।
আদালতে ককটেল বিস্ফোরণ: রাজশাহীতে আদালত চত্বরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জেলা জজ ভবনের পাশে ফাঁকা জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলেও দুর্বৃত্তকে কেউ ধরতে পারেনি। বিস্ফোরণে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তার-আটক: সাতক্ষীরায় গত মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াতের সাতজন কর্মীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির পাঁচ ও ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল ভোররাতে সদর উপজেলা থেকে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজার এলাকায় মঙ্গলবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় গতকাল আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আবু মেম্বার, আবদুস সালাম, আবদুল কাদের ও ইসমাইল হোসেন। এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়াল সাতজনে।
এদিকে পুলিশের গ্রেপ্তারের ভয়ে পাটেশ্বরী ক্লিনিকপাড়া এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল করিম জানান, সংঘর্ষের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন সদস্য ও জামায়াত-শিবিরের ১০ জন আহত হন। সংঘর্ষের সময় পুলিশ শটগানের সাতটি গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় জামায়াতের নেতা ও পরমালী এবতেদায়ী মাদ্রাসার সুপার আবদুল হক (৫৪) গুলিবিদ্ধ হন।