রাজধানীতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ আয়রন অ্যান্ড ওয়্যারহাউসের গুদাম থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ওরফে বাদশা (২১) ওই প্রতিষ্ঠানের পিকআপ ট্রাকের চালকের সহযোগী ছিলেন।
হত্যায় জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী নাজমুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ব্যক্তিগত বিরোধের জের ধরে নাজমুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখে, সিঁড়ির মুখে লাশটি পড়ে আছে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অন্য কর্মীদের তথ্যানুযায়ী নিরাপত্তাকর্মী নাজমুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেন নাজমুল।
নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।