রাজধানীতে রাতে দুটি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে আজ বুধবার রাতে রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ডিউটি অফিসার ইন্সপেক্টর ভজন কুমার সরকারের বরাত দিয়ে ইউএনবি ও বাসস এ তথ্য জানায়।

রাত সোয়া আটটার দিকে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মহিলা কলেজের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এদিকে রাত আটটার দিকে রাজধানীর আজিমপুরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামায়াতের নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় দলটি। পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ উচ্চ আদালত বহাল রাখার প্রতিবাদে আজ বুধবারও হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।