রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গত ২৩ জানুয়ারি রাতে বাসে পেট্রলবোমা হামলা হয়েছিল।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ চলাকালের্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৯ দিনের মধ্যে এ নিয়ে ১০ জন নিহত হলেন। এর আগে জামায়াত-শিবিরের তিনজন, ছাত্রদলের তিনজন ও ‘ছিনতাইকারী’ দুজন নিহত হন। এই ১০ জনের মধ্যে সাতজন নিহত হন ঢাকায়। এ ছাড়া ২৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জে আটকের পর ট্রাকের তলায় পিষ্ট হয়ে এক শিবিরকর্মী নিহত হন।র্যাবের দাবি, তিনি গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকের নিচে পড়েন। গত সোমবার রাতে যশোরে ইউসুফ আলী ও মো. লিটন নামে বিএনপির দুই সমর্থক ট্রাকের চাপায় নিহত হন। পুলিশের দাবি, পেট্রলবোমা ছোড়ার সময় তাঁরা ট্রাকের চাপায় মারা যান।
র্যাব সদর দপ্তরের খুদে বার্তায় (এসএমএস) বলা হয়, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায়র্যাব-১০-এর টহল দলকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে।র্যাব টহলযানের গতি কমিয়ে দিলে দুর্বৃত্তরা ওই যান লক্ষ্য করে পেট্রলবোমা ও গুলি ছোড়ে। গুলিটির্যাবের টহলযানের দরজায় লাগে। এ সময়র্যাবের সদস্যরা গুলি চালালে দুই যুবক আহত হন।
হাসপাতাল সূত্র জানায়,র্যাব-১০-এর উপসহকারী পরিচালক শহীদ রক্তাক্ত অবস্থায় দুই যুবককে গতকাল বুধবার ভোর সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিবন্ধন খাতায় নিহত একজনের বয়স (৩২), তাঁর পরনে শেওলা রঙের জ্যাকেট ও কালো ফুলপ্যান্ট ছিল বলে উল্লেখ রয়েছে। আরেকজনের বয়স (২৩), তাঁর পরনে ছিল নীল চেক শার্ট ও নেভি ব্লু রঙের জিনস প্যান্ট। হাসপাতাল ও মর্গ সূত্র জানায়, দুই যুবকের শরীরেই একাধিক গুলির চিহ্ন আছে।
র্যাবের কর্মকর্তারা দাবি করেন,র্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও নিহত দুজনের কাছ থেকে কিছু ককটেল উদ্ধার করেছেন।
রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিচয় শনাক্ত না হওয়া লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল। লাশ শনাক্ত করতে কেউ মর্গে যায়নি।
২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৮ জন দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম (৪০) মারা যান।
গুলিবিদ্ধ লাশ উদ্ধার: মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ ভাষানটেকের শিল্পীরটেক মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তাঁর বাঁ কান ও বুকের বাঁ পাশ গুলিবিদ্ধ ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন। এতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অজ্ঞাত এই যুবককে গুলি করে হত্যার পর পালিয়ে গেছে। তাঁর পরনে সাদা জ্যাকেট ও নীল রঙের জিনসের প্যান্ট ছিল। স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা এই যুবককে চেনেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে মিরপুর বেড়িবাঁধের রুস্তমপুর এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় গতকাল রাত পর্যন্ত পাওয়া যায়নি। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে।