রাজধানীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
রাজধানীর রূপনগরে গতকাল রোববার ভোররাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আল আমিন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাব বলেছে, নিহত আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
নিহত আল আমিন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। তাঁদের অভিযোগ, আল আমিনকে গত ২৮ ডিসেম্বর বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল একদল লোক। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে পাঠানো বার্তায় র্যাব বলেছে, গতকাল ভোররাত পৌনে তিনটার দিকে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাব-৪-এর একটি টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় আল আমিন নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন-ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আল আমিনের ভগ্নিপতি সেলিম রেজা বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলের মর্গের সামনে সাংবাদিকদের বলেন, রূপনগর আবাসিক এলাকার ২৫ নম্বর সড়কের একটি ছয়তলা বাড়ির পাঁচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন আল আমিন। ২৮ ডিসেম্বর ভোরে র্যাব-৪-এর পরিচয় দিয়ে একদল লোক তাঁকে রূপনগরের ওই বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও আল আমিনের সন্ধান পাননি। তাঁরা রূপনগর থানায় অভিযোগ করতে গেলে থানাও মামলা নেয়নি। পরে গতকাল ভোরে সংবাদ পেয়ে তিনি মর্গে এসে লাশ শনাক্ত করেন। আল আমিনের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা বলেছেন, আল আমিন ঝুট ব্যবসা করতেন। রূপনগর থানা ছাত্রদলের নেতা হওয়ার দৌড়ে এবার তিনি এগিয়ে ছিলেন।
হাসপাতাল সূত্র বলেছে, গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত আল আমিনের লাশ মর্গেই ছিল।