রাজধানীতে শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার জেলা প্রশাসন।
রাজধানীতে শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার জেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ছয় একর সরকারি সম্পত্তি অবৈধ দখলের হাত থেকে উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। এ সম্পত্তির মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জেলা প্রশাসন জানায়। আজ বুধবার এ সম্পত্তি উদ্ধার করা হয়। 

ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, মতিঝিল রাজস্ব সার্কেলের অধীন দক্ষিণগাঁও মৌজার রাজারবাগ এলাকায় অবস্থিত এই সম্পত্তির মালিক ঢাকা জেলা প্রশাসক। অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলে অন্তর্ভুক্ত এ সম্পত্তি উন্মুক্ত জলাশয়। সাম্প্রতিক সময়ে একটি চক্র ওই সম্পত্তি অবৈধ দখলের জন্য রাজারবাগ কবরস্থান নামে ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ও রাতের আঁধারে মাটি ভরাট করতে থাকে। ভরাটকৃত মাটিতে স্থাপনা নির্মাণের জন্য ইট, বালুসহ নানা নির্মাণসামগ্রী জড়ো করে। কিছু অংশে টিনের বেড়া দিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছিল। আজ ভ্রাম্যমাণ আদালত অবৈধ সাইন বোর্ডসহ টিনের বেড়া ও অন্যান্য নির্মাণসামগ্রী অপসারণ করে। দখলদারদের কাউকে না পাওয়া যাওয়ায় আদালত আটক করা সামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ নিলাম ডাককারীর কাছে বিক্রি করে দেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম। এ সময় সবুজবাগ থানার ওসি, মতিঝিল রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, মতিঝিল ভূমি সহকারী কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।