রাজধানীতে শিশুর লাশ উদ্ধার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্ত থেকে চার বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করেন স্বজনেরা।
নিহত শিশুটির নাম মুসকান। বাবার নাম ইকবাল ঢালী। মানিকদীর সবুজ ছাতা গলির ৭১৪ / ১৪-বি নম্বর বাসায় তাঁরা থাকেন।
মুসকানের মামা মো. রানার ভাষ্য, গতকাল সকাল ১০টার দিকে বাসা থেকে খেলতে বের হয় মুসকান। এরপর দুপুরে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। বিকেল বেলা মাইকিং করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর রাত ১০টার দিকে এলাকার নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুসকানের বাবা ও চাচা তার লাশ খুঁজে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুসকানের মরদেহ আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. অহিদুল মিয়া। তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কলেজ মর্গে রাখা হয়েছে।