রাজধানীতে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরখানের ময়নারটেক বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির দেয়ালের কাছ থেকে লাশ উদ্ধার করা হয়।

শিশুটির নাম হামিদুল ইসলাম (১২)। তার বাবার নাম হাবিবুল্লাহ। তিনি রিকশাচালক। শিশুটির মা খাদিজা খাতুন পোশাককর্মী। তাঁদের গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তাঁরা সপরিবারে ময়নারটেকে থাকেন।

পরিবারের ভাষ্য, শিশুটি গত ১৪ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। গতকাল তার লাশ উদ্ধার হওয়ার খবর মেলে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল খান বলেন, খবর পেয়ে শিশুটির বাবা-মা থানায় এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের লাশ হস্তান্তর করা হবে।

শিশুটির বাবা হাবিবুল্লাহ বলেন, তাঁর ধারণা, এটা হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ বলছে, দেয়াল টপকানোর সময় ইট ভেঙে এর নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হতে পারে।