রাজধানীতে শিশুসহ দুজনের লাশ উদ্ধার
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন বংশালের একটি কারখানার শ্রমিক খোকন মিয়া (১২) ও বনানীর কড়াইল বেলতলী বস্তির ক্ষুদ্র ব্যবসায়ী মো. বাদশা (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, বংশাল থানার আলুবাজার এলাকায় বাবুল শুয কারখানা থেকে গতকাল দুপুরে খোকন মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তখন কতর্ব্যরত চিকিৎসক বলেন, অনেক আগেই খোকনের মৃত্যু হয়েছে। খোকনের সহকর্মী রবিউল হোসেন (১৫) বলেছে, কারখানায় তারা অনেক রাত পর্যন্ত কাজ করে ঘুমাতে যায়। গতকাল বেলা ১১টার দিকে ঘুম থেকে সবাই উঠলেও খোকনকে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে ডাকাডাকি করতে গিয়ে বোঝা যায়, সে অচেতন। দুপুরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বনানী থানার পুলিশ বলেছে, গতকাল সন্ধ্যায় কড়াইল বেলতলী বস্তি থেকে বাদশা মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বনানী থানার এসআই আবু মুসা বলেন, তাঁর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশে অস্বাভাবিক কিছু দেখা যায়নি।