রাজধানীতে সন্ধ্যায় তিনটি বাসে আগুন

অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় ৪৮ মিনিটের মধ্যে অন্তত তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের দাবি, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান প্রথম আলোকে জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কর্মচারীবাহী বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা। তবে আগুন লাগানোর সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন সরকার প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা পেট্রলবোমা দিয়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনার ২৮ মিনিট পর সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে মিরপুর চিড়িয়াখানাগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আকাশ নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, আজিমপুর মা ও শিশু হাসপাতালের সামনে সন্ধ্যা ৭টা ২ মিনিটে আরও একটি বাসে আগুন দেওয়া হয়।