রাজধানীতে সাতজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তেজগাঁও, ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব-২-এর একটি দল। গতকাল শনিবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকেল সাড়ে তিনটায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের ফটকের সামনে থেকে অতীন্দ্র বিশ্বাস, ইমরান হোসেন ও আকাশ আহমেদ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া দুপুরে আরেকটি বিশেষ অভিযানে তেজগাঁও থানার বিআরটিসি অফিসের সামনে থেকে মো. ইব্রাহিমকে (২২) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানান, তিনি অনেক দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের চাহিদা মোতাবেক অস্ত্র বিক্রি করে আসছেন।
এদিকে বেলা একটায় রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিংয়ে কাউসার ডেইরি ফার্মের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফালু, মোতালেব ও মাসুদ। তাঁদের কাছ থেকে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করা হয়েছে।