রাজধানীতে সেলুনে বিস্ফোরণ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজার এলাকায় আজ সোমবার সকালে একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন তারিন (১৯), জসিম (২৩), গৌতম (২২) ও নাসিম (২৩)।  সকাল সাড়ে সাতটার দিকে নূপুর হেয়ার ড্রেসার নামের একটি সেলুনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থাই গুরুতর বলে চিকিত্সক সূত্রে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে সাদেক খান সড়কের ওই সেলুনে বিস্ফোরণের ঘটনায় মালিকসহ চারজন আহত হন। তাঁর ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট  থেকে দোকানটিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের স্টেশন কর্মকর্তা শাহজাদী সুলতানা বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। তিনি জানান, দোকানটিতে কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ ছাড়া পানির হিটার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই সেলুনের আগুন নিভে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সা কর্মকর্তা পার্থ শঙ্কর পাল জানান, আহত সবার অবস্থা গুরুতর। তাঁদের প্রত্যেকের শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে।