রাজধানীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
রাজধানীর দারুসসালাম এলাকায় স্কুল পড়ুয়া এক কিশোরীকে (১৪) নির্যাতনের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় স্কুলে দশম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।
ধর্ষণের শিকার কিশোরীর বাবা বলেন, গতকাল সকালে একই এলাকার পূর্ব পরিচিত এক ছেলে তাঁর দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে বালুর মাঠ এলাকায় ডেকে নিয়ে যায়। কিশোরী সেখানে যাওয়ার পর দেখে, পূর্ব পরিচিত ওই ছেলের সঙ্গে তার আরও চার বন্ধু রয়েছে। তারা পাঁচজন মিলে কিশোরীকে পাশের একটি বাসায় যেতে বলে। এতে রাজি না হওয়ায় তারা কিশোরীকে মারধর করে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিচিত ওই ছেলে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই কিশোরী তার দুলাভাইয়ের বাড়ি গিয়ে অসুস্থ অবস্থায় ঘটনা খুলে বলে।
ওই কিশোরীর বাবা বলেন, ‘সব জানার পর গতকাল রাতেই মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সন্ধ্যায় বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে দারুসসালাম থানায় যাই। পুলিশ হাসপাতাল যাওয়ার পরামর্শ দিলে মেয়েকে নিয়ে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে যাই। সেখান থেকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সে বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের ওয়ার্ডে ভর্তি। সেখান থেকে ওসিসিতে পাঠানো হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছে।