রাজধানীতে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রের নাম মো. ইব্রাহিম খলিল (১৪)। তার বাবা ফয়জুর রহমান। তিনি পেশায় রাজমিস্ত্রি। বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে পল্লবীর ড্রেনের বস্তিতে থাকত ইব্রাহিম। সে পল্লবীর উদয়ন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।
চাচা জাকির হোসেনের ভাষ্য, গতকাল শনিবার রাতে ঘর থেকে ইব্রাহিমের ঝুলন্ত দেহ উদ্ধার করেন তার বাবা। পরে তাকে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকির হোসেন বলেন, ছয়-সাত মাস আগে ইব্রাহিমের মা লুৎফা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিং জানান, খবর পেয়ে গতকাল দিবাগত রাত তিনটার দিকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়।