রাজধানীতে স্বামীর হাতে পোশাককর্মী খুন
রাজধানীর ভাটারা থানার জোয়ারসাহারা এলাকায় আজ শনিবার কুলসুম আক্তার (২৬) নামের এক পোশাককর্মীকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে কুলসুমের স্বামী মনজুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ভাটারা থানার পুলিশের তথ্যমতে, কুলসুম জোয়ারসাহারা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল শুক্রবার কুলসুম স্বামী মনজুরুলকে নিয়ে তাঁর মায়ের বাসা জোয়ারসাহারা যান। সেখানে আজ ভোরে কুলসুমের সঙ্গে মনজুরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনজুরুল শিল দিয়ে কুলসুমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান কুলসুম। খবর পেয়ে পুলিশ গিয়ে কুলসুমের রক্তাক্ত লাশ উদ্ধার করে। বেলা পৌনে দুইটার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকিন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে মনজুরুল এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।