রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার কালা মিয়া সরদার রোডে নিজের রড-সিমেন্টের দোকানে স্বেচ্ছাসেবক লীগের নেতা রিয়াজুল হোসেন ওরফে লালুকে (৩৫) গতকাল বুধবার রাতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে রিয়াজুলের দোকান আল মক্কা এন্টারপ্রাইজে তিন সন্ত্রাসী এসে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর বুকে দুটি গুলি লাগে। রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে রিয়াজুলের চাচাতো ভাই রুবেল হোসেন প্রথম আলোকে বলেন, মক্কা এন্টারপ্রাইজের পাশে রিয়াজুলের একটি গ্রিলের কারখানা আছে। ওই দোকান ও কারখানায় ওই সময় কর্মচারীদের কেউ ছিলেন না। এ সুযোগে স্থানীয় সন্ত্রাসী হাতকাটা নবীর নেতৃত্বে তিন সন্ত্রাসী দোকানের কাচে থাকা গোলাকার ফাঁকা দিয়ে আগ্নেয়াস্ত্রের নল ঢুকিয়ে রিয়াজুলকে গুলি করে। আশপাশের লোকজন তাঁর চিৎকার শুনে ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
খবর পেয়ে রিয়াজুলের স্বজন, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ঘনিষ্ঠজনেরা হাসপাতালে ভিড় করেন। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পুলিশ ও র্যা বের কর্মকর্তারা ঘটনাস্থল কালামিয়া সরদার রোড ও ঢাকা মেডিকেলে যান।
রিয়াজুলের ঘনিষ্ঠজন ও স্বজনেরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। দুই বছর আগে শ্যামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন ইউপি সদস্যের পক্ষে কাজ করা নিয়ে হাতকাটা নবীর সঙ্গে রিয়াজুল ও তাঁর চাচাতো ভাইদের বিরোধ হয়। কালামিয়া সরদার রোডের কাছে হাতকাটা নবীরও রড-সিমেন্টের দোকান আছে। রিয়াজুলের দোকানে বেশি বিক্রি হওয়ায় এ নিয়ে নবী ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া নবীর সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রিয়াজুল।
অবশ্য রিয়াজুলের বাবা মোক্তার হোসেন বলেন, হত্যার কারণ সম্পর্কে তাঁরা এখনো নিশ্চিত নন।
পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে একাধিক কারণ সন্দেহ করা হচ্ছে। এসব সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ভালো মানুষ হিসেবে পরিচিতি থাকা রিয়াজুলের হত্যাকাণ্ড তাঁরা মেনে নিতে পারছেন না।
রাত ১২টায় যোগাযোগ করা হলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, রিয়াজুল হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি কিংবা কাউকে আটকও করা যায়নি। অভিযান চলছে।
রিয়াজুল সপরিবারে কালামিয়া সরদার রোডের কাছে আফসার করিম রোডে নিজ বাড়িতে থাকতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন। তাঁর স্ত্রীর নাম ডলি আক্তার।