রাজধানীতে হাতুড়িপেটায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে আজ সোমবার বিকেলে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি হাতুড়ি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম। বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনীতে। সেখানে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। বিদেশে লোক পাঠানোর কাজে যুক্ত থাকায় প্রায় প্রতি সপ্তাহে ঢাকায় আসতেন রবিউল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ রবিউলের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তারা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিউলের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, নয়াপল্টনের একটি গলির ভেতর থেকে পুলিশ রবিউলকে উদ্ধার করেছে। তাঁর মাথায় হাতুড়ির আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। কারা, কেন তাঁকে এভাবে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।