রাজধানীতে হিযবুত তাহ্রীর এর ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেত থেকে পৃথক অভিযানে গতকাল শনিবার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর এর ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’এর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে আজ রোববার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানান।
তিনি বলেন, শনিবার রাত ১০ টা ৫০ মিনিটে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি এ সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, একরামুল খায়ের ওরফে অপু, মো. আব্দুল কাইয়ুম ওরফে কাইয়ুম, মো. নাজমুল হাসান ওরফে নিপন, মো. ইব্রাহীম শেখ ও মো. রাশেদুল ইসলাম শেখ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের লিফলেট, জিহাদি বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করছিল। মো. নাজমুল হাসান ওরফে নিপন ছাড়া বাকি চারজনই এর আগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়ে জেলে ছিল।
এই অভিযানের আগে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে একই এলাকা থেকে মো. আরিফুল ইসলাম ও এ এস এম তারেক আমিন নামে একই সংগঠনের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির এ যুগ্ম কমিশনার।
তিনি বলেন, তারা ফেসবুকে হিযবুত তাহ্রীর এর বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস ও পোস্ট দিয়ে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছিল। আসামিদের পোস্টকৃত অবৈধ স্ট্যাটাসগুলোর স্ক্রিনশটের প্রিন্ট কপিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার এই সাতজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।