রাজধানীতে হুজি সন্দেহে গ্রেপ্তার ৬
রাজধানীর পুরান ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাতে জিন্দাবাহার পার্ক এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির দাবি।
ডিবির ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাজ্জাদুল আলম, মেজবাহ-উর-রহমান, বাশার, আশরাফ, আজিজ ওরফে বাবু, শফিক ওরফে পলাশ। তাঁদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ডিবির (দক্ষিণ) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজের নেতৃত্বে একটি দল ওই ছয়জনকে গ্রেপ্তার করে।
মাহমুদা আফরোজের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাজ্জাদুল হুজির কুষ্টিয়া অঞ্চলের নেতা। তিনি কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক স্কুলের শিক্ষক। মেজবাহ কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের গাড়িচালক। বাশার স্থানীয় একটি মসজিদের ইমাম। পুরো দলটি নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকায় আসে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই, প্রচারপত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করার কথা জানিয়েছে ডিবি।