রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ আটক ১
রাজধানীর পল্টন এলাকায় আজ সোমবার ১০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করার দাবি করেছে পুলিশ।
গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নাসির উদ্দিন সরকারের ভাষ্য, আটক হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৮)। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঈদ ও পূজা সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পল্টনের কালভার্ট রোডে পল্টন টাওয়ারের সামনে তল্লাশিকেন্দ্র বসানো হয়েছে। ওই পথ দিয়ে যাওয়া যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা থামায় পুলিশ। পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে অটোরিকশার যাত্রী শফিকুলের কাছে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শফিকুলকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।