রাজধানীতে ১৬ যানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের অবরোধের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অন্তত ১৬টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা বোমা-ককটেল হামলা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ১৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে আটটার দিকে গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মো. শহীদুল্লাহ (৫০) নামের এক যাত্রী দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদুল্লাহ জানান, তিনি কাফনের কাপড় ব্যবসায়ী। আগুনে তাঁর হাত ও পা পুড়ে গেছে।
রাতে শান্তিনগর চৌরাস্তায় দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া কল্যাণপুর, আবদুল্লাহপুর, আরামবাগে একটি করে বাসে ও মৎস্য ভবন মোড়-সংলগ্ন শিল্পকলা একাডেমীর সামনে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়। মহাখালী বাস টার্মিনালের কাছে যাত্রীবাহী একটি বাসেও আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দেওয়া হয়েছে মতিঝিল এলাকায় দুটি বাসে এবং মৌচাক, নীলক্ষেত মোড় ও বনশ্রী এলাকায় একটি করে বাসে। রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে তিনটি মিনিবাসে এবং রাত একটার দিকে গেন্ডারিয়ায় একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা।
চোরাগোপ্তা হামলা: রাত সাড়ে আটটার দিকে নয়াপল্টনে ইউবিএল ক্রসিংয়ে অন্তত পাঁচটি ককটেল ফাটানো হয়। এতে রিকশাচালক জমির হোসেন (৪০) আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জমির জানান, তিনি রিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আচমকা ককটেলের বিস্ফোরণ ঘটতে থাকে। তিনি হামলাকারীদের দেখেননি।
রাত সাড়ে ১০টার দিকে জুরাইন নতুন রাস্তার মোড়ে আসাদুর রহমান ওরফে জনি (৩০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাঁর পিঠে অসংখ্য ছররা গুলি লেগেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সোয়া নয়টার দিকে পূর্ণিমা সিনেমা হলের কাছে দুর্বৃত্তরা ফার্মগেটগামী একটি বিআরটিসি বাসে ছয়-সাতটি হাতবোমা ছুড়ে মারে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রাত পৌনে ১০টার দিকে পান্থপথ সড়কে দুর্বৃত্তরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় কর্তব্যরত পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে শটগানের কয়েকটি গুলি ছোড়ে।