রাজধানীতে ১৬টি গরু বোঝাই ট্রাক ছিনতাই
রাজধানীতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ১৬টি গরুবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । এ সময় দুর্বৃত্তদের আক্রমণে তিন গরু ব্যবসায়ী ও ট্রাকচালক আহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত গরু ব্যবসায়ী মাসুম (২৪), তানজিমুল (২৮) ও ঠাণ্ডু মিয়া (৪৫) এবং ট্রাকের চালক সুজনকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মহামায়ায়।
আহত গরু ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, তাঁরা ঝিনাইদহের মহামায়া থেকে দুটি ট্রাকে করে গরু নিয়ে রাজধানীর বাড্ডার আফতাবনগর হাটে যাচ্ছিলেন। একটি গরু অসুস্থ হয়ে পড়লে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ট্রাকটি থামানো হয়। এ সময় একটি পিকআপ নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে আক্রমণ করে। তারা চালক ও তিন গরু ব্যবসায়ীকে আহত করে তাদের পিকআপে তুলে নেয়। আর ১৬টি গরুসহ ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। পরে ওই চারজনকে পিকআপ থেকে বিভিন্ন স্থানে ফেলে চলে যায়। পরে তাঁদের পুলিশ উদ্ধার করে।
গরু ব্যবসায়ী নজরুল ইসলাম পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি পেছনের ট্রাকে ছিলেন। তাঁদের ট্রাক সংসদ ভবন এলাকার সামনে থামানো ট্রাককে পাশ কাটিয়ে আফতাবনগর হাটে পৌঁছায়। পরে অন্য ট্রাকটি পৌঁছায়নি দেখে তিনি ট্রাকের চালক এবং ওই ট্রাকে থাকা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁদের মুঠোফোন বন্ধ পান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, তাঁরা শেরেবাংলা নগর থানার পুলিশের বেতারবার্তা পেয়ে সতর্ক ছিলেন। শনিবার ভোররাতে টহল পুলিশ আশুলিয়া এলাকায় একটি পিকআপকে থামার সংকেত দেয়। তখন পিকআপ থেকে দুজনকে ছুড়ে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই দুজনকে পরে বাড্ডা থানায় পাঠানো হয়।
গতকাল সকালে আশুলিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাকটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় পাঠিয়ে দেওয়া হয়।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, গরু ছিনতাইয়ের এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁরা সন্দেহ করছেন ট্রাকের চালক সুজন এ ঘটনায় জড়িত থাকতে পারেন। কারণ চালক থামানো ট্রাকে চাবি রেখে নেমেছিলেন।