রাজধানীতে ৩ ভুয়া কমিউনিটি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ভুয়া কমিউনিটি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ । ছবি সংগৃহীত
তিন ভুয়া কমিউনিটি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ । ছবি সংগৃহীত

রাজধানীর ইসলামবাগ ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া তিন কমিউনিটি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার করা তিনজন হলেন মো. জাহাঙ্গীর আলম, এম এ কুদ্দুস শেখ ও সোহেল রানা। এঁদের মধ্যে প্রথমজনকে সিদ্ধিরগঞ্জ ও পরের দুজনকে ইসলামবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কেন্দ্রে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয় গতকাল মঙ্গলবার চকবাজার থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের থেকে বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের কার্যক্রমের ব্যবহৃত বিভিন্ন সদস্যদের ছবি সংবলিত পরিচয়পত্র, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের ১০০, ৫০, ১০ টাকার স্ট্যাম্প, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশে ভর্তি ফরম, অপরাধীদের গ্রেপ্তার করার জন্য সিসি বই, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের সভাপতির ছবি সংবলিত বিভিন্ন কাগজপত্র, সদস্যদের জীবন বৃত্তান্ত ফরম, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন সনদপত্র, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের রেজুলেশন ও নীতিমালা, সদস্য নিয়োগের ফরম, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের হলফনামা, জরুরি সভার নোটিশ, আইডি কার্ড, কমিউনিটি পুলিশের বিভিন্ন অনুষ্ঠানের ছবি, ডিপ সাইন, বিভিন্ন প্রকার সিল, ভিজিটিং কার্ড, কমিউনিটি পুলিশের র‌্যাংক ব্যাজ ও গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি ভিডিও সিডি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশে চাকরি দেওয়া, বেতন ভাতা, পেনশন, প্লট বরাদ্দসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা শহর এবং উপজেলা এলাকায় প্রায় ১৫ হাজার লোকের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে বলে জানান।