রাজধানীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ হাজার ২০০ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির উপপুলিশ কমিশনার মাহবুব আলমের তত্ত্বাবধানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে তিনটি অভিযানের এসব ইয়াবা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে আবুল বাশার ও রেজাউল করিম নামে দুজনকে ছাব্বিশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় চার হাজার ইয়াবাসহ আল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সোয়া এগারোটার দিকে পল্টন এলাকা থেকে দু শ ইয়াবাসহ ফেরদৌস আরাফাত ও জাহিদুল হাসান নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি।