রাজধানীতে ৩১ বিদেশি নাগরিক আটক
ঢাকায় অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের ৩১ জন নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল রামপুরা, গুলশান, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার মোট ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। খবর বাসসের।
আটক বিদেশিদের মধ্যে নাইজেরিয়ার ১১ জন, উগান্ডার পাঁচজন, কেনিয়ার একজন, ক্যামেরুনের পাঁচজন, আইভোরি কোস্টের দুজন, টোগোর একজন, মালির একজন, মোজাম্বিকের একজন, গাম্বিয়ার তিনজন ও সেনেগালের একজন রয়েছেন।
এঁদের মধ্যে উগান্ডার দুজনের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। অন্যদের কাছে বাংলাদেশে অবস্থানের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি ডিবি (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিরা বিভিন্ন পরিচয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন এলাকায় সম্মানিত নাগরিকদের বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি নাগরিককে বাসা ভাড়া না দেওয়ার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিসি ডিবি শেখ নাজমুল আলম, ডিসি মিডিয়া মো. মাসুদুর রহমান ও এডিসি ডিবি মো. আহাদ।