রাজধানীতে ৩৯ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার থেকে গত বৃহস্পতিবার রাতে ৩৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সাব্বির হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলেন সাব্বির।
গতকাল শুক্রবার সকালে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শ্যামবাজার থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন।
নুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির বলেছেন যে তিনি ইয়াবার চালানটি কক্সবাজার থেকে ঢাকা হয়ে শরীয়তপুরের জাজিরায় নিয়ে যাচ্ছিলেন। এর আগেও ইয়াবার চালান ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।
পুলিশ বলেছে, এই ইয়াবা উদ্ধারের ঘটনায় সূত্রাপুর থানায় মামলা করা হয়েছে। সাব্বিরের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের ওয়ারী বিভাগ বলেছে, গত দুই মাসে এই চালানসহ দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে তারা।