রাজধানীতে ৫ কেজি আইসসহ গ্রেপ্তার দুজন ৯ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা আইস
ছবি: সংগৃহীত

পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হোছেন ও মোহাম্মদ রফিক নামের দুই ব্যক্তিকে দুটি মামলায় ৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গতকাল শনিবার পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র, মিয়ানমারের মুঠোফোনের সিমসহ হোছেন ও মোহাম্মদ রফিক নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, হোছেন বার্মিজ কাপড় ও আচার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। তবে ঢাকা ও চট্টগ্রামে অভিজাত শ্রেণির কাছে আইস বা ক্রিস্টাল মেথ জনপ্রিয় হয়ে ওঠায় কয়েক মাস ধরে এই মাদকদ্রব্য নিয়ে আসছিলেন তিনি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তার দুজন টেকনাফকেন্দ্রিক মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য। চক্রটি কয়েক বছর ধরে ইয়াবার কারবার করে আসছে। এ চক্রে ২০ থেকে ২৫ জন যুক্ত। চক্রের সদস্যরা নৌপথ ব্যবহার করে মাদকের চালান দেশে নিয়ে আসছে। ঢাকার উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় চক্রের সদস্য রয়েছে।

গ্রেপ্তার হওয়া হোছেন ও রফিক
ফাইল ছবি

র‍্যাব জানায়, আগে আইস থাইল্যান্ড বা অন্যান্য দেশ থেকে মিয়ানমার হয়ে এ দেশে আসত। এখন মিয়ানমারে আইস তৈরি করা হয়। হোছেনের সঙ্গে মিয়ানমারের মাদক কারবারিদের সুসম্পর্ক রয়েছে। মাদকের টাকা লেনদেন করেন হুন্ডির মাধ্যমে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।