রাজধানীতে ৫০ কেজি রুপাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার মিরপুরে একটি মাইক্রোবাস থেকে প্রায় ৫০ কেজি রুপাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আজ শুক্রবার ভোররাত চারটার দিকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আনোয়ার ও ইব্রাহিম।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেনের ভাষ্য, সন্দেহ হলে ওই মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসে থাকা একটি পোঁটলার মধ্যে প্রায় ৫০ কেজি রুপা পাওয়া যায়। ওই রুপার ব্যাপারে মাইক্রোবাসের দুই আরোহী সন্তোষজনক উত্তর দিতে না পারায় প্রথমে তাঁদের আটক ও পরে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া রুপা ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা।
রুপা পাচারের অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় মিরপুর থানার পুলিশ।