রাজধানীতে ৭৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ৭৯ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন তানভীর হোসেন, আবদুল মালেক, বাবুল মিয়া ও প্রিয়তোষ মজুমদার।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি-পূর্ব) মো. মাহবুব আলমের নির্দেশনায় ডেমরার স্টাফ কোয়ার্টার রোডে অভিযান চালানো হয়। এ সময় তানভীর হোসেনকে ৭০ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত নয়টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ আবদুল মালেককে গ্রেপ্তার করে ডিবি আরেকটি দল। একই সময় কাকরাইল থেকে বাবুল মিয়া ও প্রিয়তোষ মজুমদারকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (পূর্ব) নূরুন্নবী প্রথম আলোকে বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবার চালানগুলো ঢাকায় পাচার করে আনতেন। তাদের মধ্যে তানভীর হোসেন এর আগেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।