নব্য জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৬
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে নিউমার্কেট থানাধীন নিউ সুপার মার্কেট এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন মো. জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাশরুর (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদি হাসান ইমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব ও শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ।
আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ছয়জন নব্য জেএমবির সদস্য। তাঁদের কাছ থেকে মোবাইল ফোনসেট, বিভিন্ন ধরনের কাগজপত্র, নোটবুক, জঙ্গিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্যসংবলিত পেনড্রাইভ ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। রমজানে নাশকতার উদ্দেশে এই ছয়জন বৈঠক করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লাল ভাই এবং আর্থার নামে দুই ব্যক্তির নির্দেশে গ্রেপ্তার ছয়জন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের এই ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নে অস্ত্রের জোগান দেওয়াসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করেন সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা নামের এক ব্যক্তি। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিকের এক ওলামাকে হত্যার পরিকল্পনা ছিল। এ জন্য তাঁরা ওই ওলামাকে কয়েক দিন রেকিও করেছেন।
ওই ওলামা জঙ্গিবিরোধী বক্তব্য দেন বলে জানান মনিরুল ইসলাম। নিরাপত্তার স্বার্থে ওলামার নাম প্রকাশ করেননি তিনি।