রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ আজ মঙ্গলবার ভোর চারটার দিকে আনুমানিক ৩৫ বছরের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই মোস্তাক আহমেদের ভাষ্য, গত রাতে বনানী এলাকায় টহলরত অবস্থায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এর সদস্যরা গুলিবিদ্ধ ওই যুবককে তাঁদের গাড়িতে তুলে দিয়ে হাসপাতালে নেওয়ার কথা বলেন। রাত আনুমানিক দুইটার দিকে সংক্রমণ ব্যাধি হাসপাতালের পাশে সাত তলা বস্তির পুকুরপাড়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবকটি গুলিবিদ্ধ হন বলে তাঁদের জানানো হয়। পরে র‍্যাব সদস্যসহ তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের পরিচয় বা কীভাবে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে—সে ব্যাপারে কিছু জানেন না বলে উল্লেখ করেন এসআই মোস্তাক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির বুকে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। লাশটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।