রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' আহত ২
রাজধানীর ধানমন্ডির কলাবাগান এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্যমতে, আহত হওয়া ব্যক্তিরা হলেন সৌরভ (৩৮) ও সাইদুর রহমান (২৮) ।
পুলিশের দাবি, আহত ব্যক্তিরা ছিনতাইকারী। আহত ব্যক্তিদের দাবি, তাঁরা ঝুট ব্যবসায়ী।
সকাল সাড়ে নয়টার দিকে আহত সৌরভ ও সাইদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নওশেদ। তাঁর ভাষ্য, সকালে কলাবাগানে ছিনতাইকালে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় সৌরভ ও সাইদুল গুলিবিদ্ধ হন। তাঁদের কাছ থেকে ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
নিজেদের ঝুট ব্যবসায়ী দাবি করে আহত সৌরভ ও সাইদুর বলেন, তাঁরা এয়ারপোর্ট এলাকায় বাউনিয়া এলাকায় থাকেন। সৌরভের বাড়ি পিরোজপুরে, সাইদুরের বাড়ি মাদারীপুর।
নাম প্রকাশ না করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানান, সৌরভের ডান পা ও সাইদুরের বাঁ পায়ে গুলি লেগেছে। তাঁদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।