রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' দুই সন্দেহভাজন জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্দেহভাজন জঙ্গি সদস্য নিহত হয়েছেন। পুলিশ বলেছে, গতকাল রাত ১২টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর ওই দুজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা রাত পৌনে একটার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন কামাল ওরফে হিরণ (৩২) ও আবদুল্লাহ ওরফে নোমান (৩৫)। তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ ছাড়া ডিবি আরও তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কামাল গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন। আর আবদুল্লাহ ওরফে নোমান জেএমবির অপারেশনাল কমান্ডার।
ডিবি সূত্র জানায়, চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে কামরাঙ্গীরচর এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদেরকে নিয়েই হাজারীবাগে অভিযান চালাতে যাচ্ছিল ডিবি পুলিশের একটি দল। পুলিশ সূত্র বলেছে, রাত ১২টার দিকে ডিবির দলটি হাজারীবাগের মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন শিকদার মেডিকেল কলেজের পাশে নতুন রাস্তায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন জঙ্গি ডিবি সদস্যদের ওপর গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। ডিবির সদস্যরা পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা দুজন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।
পুলিশের সূত্র জানায়, উদ্ধার করা মোটরসাইকেলটি গত ৪ নভেম্বর আশুলিয়ায় তল্লাশিচৌকিতে এক পুলিশ সদস্যকে হত্যার কাজে ব্যবহৃত হয়েছিল।