ভাইবোনের রহস্যজনক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে ভাইবোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


নিহত দুজন হলো চিরশ্রী জামান (১৮) ও মো. বিন আলিম (১৫)। উত্তরার গরিবে নেওয়াজ সড়কের ১৩ নম্বর সেক্টরের ভাড়া বাসায় দুটি আলাদা ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মা সাংবাদিক জয়শ্রী জামান বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদের ভাষ্য, তারা মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে তাঁরা নিশ্চিত হয়েছেন। সুরতহাল প্রতিবেদন অনুসারে, ভাইয়ের হাতে এবং বোনের হাত ও শরীরের অন্য স্থানে কাটা দাগ ছিল।

এসআই হারুন আরও জানান, নিহত ভাইবোনের মা জয়শ্রী জামানের সঙ্গে বাবা আলিমুল হকের সাত বছর আগে বিচ্ছেদ হয়। সন্তানদের নিয়ে ওই বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন জয়শ্রী জামান। লাশের দাফন কোথায় হবে, তা পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তাদের বাসাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।


বাসার কেয়ারটেকার ইলিয়াছ ব্যাপারী বলেন, গতকাল রাত ১১টার দিকে মা জয়শ্রী জামান অফিস থেকে বাসায় ফেরেন। নিচে তিনি কেয়ারটেকারের সঙ্গে বাসায় পানির সমস্যা নিয়ে কথা বলেন। ১১টা ২০ মিনিটের দিকে ওপরে ওঠেন। মিনিট পাঁচেক পরে ইন্টারকমে ফোন করে জানান বাসায় কেউ দরজা খুলছে না। কেয়ারটেকার ওপরে গিয়ে ধাক্কা দেন। কেউ দরজা না খোলায় পাশের ফ্ল্যাটের বারান্দা দিয়ে ওই বাড়িতে ঢুকে তাঁরা দরজা খোলেন।

ইলিয়াছ ব্যাপারী আরও জানান, দরজা খোলার পরে ছেলের ঘরে ঢোকেন মা। এ সময় তিনি চিৎকার করে ওঠেন। ঘরের জানালার রডের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছেলের লাশ ঝুলছিল। তার পা মেঝের সঙ্গে লেগেছিল। পরে বোন চিরশ্রীর ঘরে ঢুকেও তার লাশ জানালার রডের সঙ্গে ঝুলতে দেখা যায়। মেয়েটির পায়ের আঙুল মেঝেতে ছুঁয়ে ছিল।


সকালে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুর রহমান জয়শ্রী জামানের বরাত দিয়ে বলেন, মেয়ে চিরশ্রীর সঙ্গে গতকাল রাত সাড়ে নয়টার দিকে মায়ের ফোনে কথা হয়েছিল। রাত ১২টার দিকে ওই বাসা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় গতকাল রাত সোয়া একটার দিকে অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার বাদী জয়শ্রী জামানের চাচাতো ভাই হাবিবুজ্জামান জানান, নিহত ভাইবোন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করত। তবে তারা কোন স্কুলে ও কোন ক্লাসে পড়ত, তা জানা যায়নি।