রাজধানীর চকবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর চকবাজারের বেগমবাজার এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মাদকাসক্ত ওই যুবক অসুস্থ হয়ে মারা গেছেন। তবে তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ রানা (২৮)।
নিহতের বড় ভাই রাজা মিয়ার ভাষ্য, মোহাম্মদ রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁকে বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঝে মাঝে ভালো হলেও তিনি আবার মাদকাসক্ত হয়ে পড়েন। গতকাল রোববার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এর পর ঘরের দরজা বন্ধ করে স্যালাইন ও ওষুধ দিয়ে রাখা হয়। ওই ঘরে রানার সঙ্গে তাঁর মা, বাবা ও ভাই রাজা ছিলেন। সকালে রানা অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নিহত মোহাম্মদ রানার গলায় কালচে আঘাতের দাগ ছিল। সন্দেহজনক মনে হওয়ায় তাঁর মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।